ব্রেকিং নিউজ
বিএনপির মিডিয়া সেলে কাজ করা তানিম সুফিয়ানী। ছবি: সংগৃহীত

বিএনপির মিডিয়া সেল থেকে তানিম সুফিয়ানীকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬

বিএনপির মিডিয়া সেলের ডিজিটাল টিমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করা তানিম সুফিয়ানীকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও দলটির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে তার করা বিভিন্ন আপত্তিকর মন্তব্য এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার তথ্য ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে। এসব বিষয় পেশাগত স্বচ্ছতা, আস্থা ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।

এতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২৪ আগস্ট থেকে তানিম সুফিয়ানীকে ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার পদসহ সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির পর বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব বা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তার কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পুরোনো পোস্টে তানিম সুফিয়ানীর বিএনপি ও খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্যের তথ্য প্রকাশ্যে আসে। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে তার ছবি এবং দলটির বিভিন্ন কর্মকাণ্ডের পক্ষে তার করা পোস্টও ছড়িয়ে পড়ে।

খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তাকে নিয়ে তানিমের করা একটি পুরোনো পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব পোস্ট ও তার পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তানিম সুফিয়ানী তার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *