নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬
ভারতে আওয়ামী লীগের কর্মীদের একটি অনুষ্ঠান বন্ধ করে দেওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বাংলাদেশ। এ ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভারতে আওয়ামী লীগের একটি অনুষ্ঠান দেশটির পুলিশ বন্ধ করে দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ যেমন ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেবে না, তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন দিল্লি বা ভারতের কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়! এটাই বাংলাদেশের প্রত্যাশা।
তিনি বলেন, ভারতে আওয়ামী লীগের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘটনাটি ইতিবাচক। বাংলাদেশ আশা করে, ভারতের এ ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক সদিচ্ছা তৈরির পথ আরও সুগম হবে।
এ ঘটনাকে ভারত সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর এবং ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির জানান, এখনো সফরের কোনো তারিখ নির্ধারণ হয়নি। তবে উপযুক্ত সময়ে সফরটি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে এবং উভয় দেশের প্রধানমন্ত্রীর সময় ও উপস্থিতির ওপর নির্ভর করে সফরের তারিখ নির্ধারণ করা হবে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ