নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দীর্ঘ ১৮ মাসের বন্দিদশা শেষে জামিনে মুক্তি পান তিনি।
২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে রাজধানীর বাসা থেকে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে প্রায় ৫৫৪ দিন কারাবন্দি থাকতে হয়।
কারাবন্দি অবস্থায় রিমান্ডের নামে তার ওপর নির্যাতন চালানো হয় বলে বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসা হচ্ছে। নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
সব মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকেই মুক্তি পান তারেক রহমান। এরপর উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে তাকে লন্ডনে নেওয়া হয়। সে সময় তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানও যান।
তারেক রহমানের কারামুক্তির দিনটি প্রতিবছর বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে আসছেন। দলীয় নেতাকর্মীদের কাছে দিনটি তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ