নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার শিক্ষার্থীদের মাদকাসক্তি নিয়ে অভিযোগ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ব্যতিক্রমী ঘটনা ছাড়া মাদ্রাসার কোনো শিক্ষার্থীর ঠোঁটে সিগারেটও দেখা যায় না।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মাদ্রাসার ছাত্ররা সাধারণত মাদক সেবন করে না। ইয়াবা, গাঁজা কিংবা এ ধরনের মাদক সেবনের অভিযোগও তাদের বিরুদ্ধে করা যায় না। এমনকি খুব ব্যতিক্রমী ঘটনা ছাড়া কোনো মাদ্রাসাছাত্রের হাতে বা ঠোঁটে সিগারেটও দেখা যায় না বলে মন্তব্য করেন তিনি।
আলাপকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণেই ১১ দলীয় জোটকে রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথ, দুই জায়গাতেই সক্রিয় থাকবে।
এ ছাড়া দেশের কওমি শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে সরকারের যথেষ্ট আন্তরিকতা নেই বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ