ব্রেকিং নিউজ

নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ট্রোককে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন না প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, নাসীরুদ্দীন পাটোয়ারীর ধারাবাহিক ও পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার হয়েই মির্জা আব্বাস এমন শারীরিক পরিস্থিতির মুখে পড়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাশেদ খাঁন এসব কথা বলেন।

পোস্টে তিনি জানান, উন্নত চিকিৎসা নেওয়ার পরও মির্জা আব্বাস এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। সম্প্রতি জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বর্তমানে তার স্বাভাবিকভাবে হাঁটতে সমস্যা হচ্ছে, পড়ে গেলে তার কথা অস্পষ্ট শোনায় এবং একটি হাত নাড়াতেও তিনি কষ্ট পাচ্ছেন বলে উল্লেখ করেন রাশেদ।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার জন্য নাসীরুদ্দীন পাটোয়ারীর আচরণকে দায়ী করে রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে থেকেই বয়সে ছোট পাটোয়ারীর অসৌজন্যমূলক আচরণ মির্জা আব্বাসকে সহ্য করতে হয়েছে। নির্বাচনের পরও তিনি কথিত মানসিক নিপীড়ন থেকে রেহাই পাননি।

রাশেদের দাবি, মির্জা আব্বাস হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালেও তার প্রতিকৃতি তৈরি করে বক্সিং বা আঘাত করার মতো কুরুচিপূর্ণ কর্মকাণ্ড করা হয়েছিল।

সাধারণ অসুস্থতার জন্য কাউকে সরাসরি দায়ী করা সম্ভব না হলেও দীর্ঘমেয়াদি মানসিক নিপীড়ন স্ট্রোকের বড় কারণ হতে পারে বলে মন্তব্য করেন রাশেদ। তিনি বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের সময় ঢাকাকে সংগঠিত করা এবং গত ১৬ বছরে বহুবার কারাবরণ করা এই প্রবীণ নেতাকে ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে ভিত্তিহীন অপবাদ দেওয়া হয়েছিল। এমনকি হাসপাতালে থাকাকালেও তাকে হেনস্তা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, এসব অবিচার ও মিথ্যা অপবাদ মির্জা আব্বাস মানসিকভাবে মেনে নিতে পারেননি। দীর্ঘদিনের তীব্র মানসিক যন্ত্রণার একপর্যায়ে তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।

তবে মির্জা আব্বাসের অসুস্থতার সঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারীর আচরণের সরাসরি সম্পর্কের বিষয়টি রাশেদ খাঁনের ব্যক্তিগত দাবি হিসেবে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *