নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
সরকার লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরুর আগে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, তারা শান্তিপূর্ণভাবে লংমার্চ কর্মসূচি পালন করবেন। তবে সরকার কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। যেকোনো বাধা-বিপত্তি অতিক্রম করে লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার ঢাকা থেকে চট্টগ্রাম ও অন্যান্য বিভাগের উদ্দেশে লংমার্চের যাত্রা শুরু হয়েছে। নতুন করে কেউ যাতে স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ না পায়, সেই পথ বন্ধ করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
লংমার্চের বিভিন্ন দাবি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এ কর্মসূচি। একই সঙ্গে তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বাড়ানোর অপচেষ্টার বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছেন।
এ ছাড়া ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে তার বিরুদ্ধেও লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান এনসিপির আহ্বায়ক।
দেশবাসীর প্রতি লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এটি শুধু ১১টি দলের কর্মসূচি নয়; বরং বাংলাদেশের সাধারণ মানুষের কর্মসূচি। তিনি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ