ব্রেকিং নিউজ

বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে বিদ্যুৎমন্ত্রী আইসিইউতে চলে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে বিদ্যুতের বিল কয়েক গুণ বেড়ে গেলেও এর বিপরীতে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আগে যে বিদ্যুৎ বিল ১ হাজার ২০০ টাকা ছিল, এখন তা বেড়ে ৪ হাজার টাকা হয়েছে। অথচ বিদ্যুৎ ঠিকমতো থাকছে না। সরকার বিদ্যুৎ বিনামূল্যে দিচ্ছে না, তাহলে অতিরিক্ত অর্থ কোথায় যাচ্ছে? এ প্রশ্নেরও জবাব পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের মানুষ বর্তমানে কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে! এমন প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে মানুষ সংস্কার তো পায়ইনি, বরং তিনবেলা খাবার, বিদ্যুৎ, গ্যাস ও কর্মসংস্থান নিয়ে সংকটে পড়েছে।

এনসিপির মুখপাত্র আরও বলেন, অনেকের ঘরে বিদ্যুৎ নেই, অথচ ‘ভুতুড়ে’ বিল আসছে। গ্যাসের চুলায় আগুন নেই, গরিব মানুষের কাজ নেই এবং লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাচ্ছে বলেও দাবি করেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সরকারের সমালোচনা করেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচনের পর ১৮ কোটি মানুষের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করা হয়নি।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার আদায়ে তাদের পাশে থাকবে। কোনো হামলা, মামলা বা হুমকির ভয় না করে জোটটি জনগণের প্রতিবাদের ভাষা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *