ব্রেকিং নিউজ

হত্যা মামলায় হাসিনা-কাদেরসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে শ্রমিক দলের কর্মী রিয়াজুল তালুকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক নজীব আহমেদ গত ১৯ আগস্ট আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। আগামী ৮ সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

অভিযোগপত্রে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রাণিসম্পদ উপমন্ত্রী এ জে এম এনামুল হক, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল, সাবেক এমপি ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক।

আসামিদের মধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৬ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ী থানার চার রাস্তার মোড়ে এক দফা দাবির আন্দোলনের সমর্থনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিলেন। এ সময় গুলিতে শ্রমিক দলের কর্মী মো. রিয়াজুল তালুকদার নিহত হন।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালান। ওই ঘটনায় রিয়াজুল গুলিবিদ্ধ হয়ে মারা যান।

রিয়াজুলের ভাই রুবেল তালুকদার ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *