নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরতে আগ্রহী হলেও নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে হত্যা করা হতে পারে। একই সঙ্গে দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশে ফেরার বিষয়ে তিনি আন্তরিকভাবে আগ্রহী। তবে দেশে ফিরলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
নিজের নিরাপত্তার পাশাপাশি দেশে ফেরার প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত থাকবেন, তাদের নিয়েও উদ্বেগের কথা জানান শেখ হাসিনা। তার ভাষ্য, প্রত্যেকের জীবনই ঝুঁকির মধ্যে পড়তে পারে। কাউকে বিপদের মুখে ফেলতে চান না বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকারে বাংলাদেশে জঙ্গিবাদীদের উত্থান নিয়েও সতর্ক করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার দাবি, এর প্রভাব ভারতের ওপরও পড়তে পারে। এ কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। ভারত সরকার কী বিবেচনায় বাংলাদেশের নির্বাচনকে সমর্থন করেছে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনেছে, তা ভারতই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া ভারত সফর নিয়ে দর-কষাকষির মাধ্যমে তারেক রহমান নিজের দেশকে খাটো করেছেন বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ