নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬
আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, হত্যা কিংবা নির্যাতনের শিকার হতে পারেন! এমন আশঙ্কার কথা উল্লেখ করেও তিনি বলেছেন, তিনি ভয় পান না।
সোমবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সেন্টার ফর ইউএস-বাংলাদেশ রিলেশনস আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য দেওয়ার সময় দেশে ফেরার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে এ তথ্য জানা গেছে।
বক্তব্যে শেখ হাসিনা বলেন, তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। দেশে ফিরলে তাঁকে হত্যা, গ্রেপ্তার কিংবা নির্যাতন করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এসব আশঙ্কা তাঁকে দেশে ফেরা থেকে বিরত রাখতে পারবে না বলে জানান।
দেশে ফেরার সিদ্ধান্তের বিষয়ে শেখ হাসিনা বলেন, দেশে ফিরে যাওয়া তাঁর দায়িত্ব।
প্রতিবেদন অনুযায়ী, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অধীনে দেশে ফিরলে গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি হতে পারে. এমন আশঙ্কার কথাও উল্লেখ করেছেন তিনি। তবে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ কিংবা ফেরার পর তাঁর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর থেকে তাঁর দেশে ফেরা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।
শেখ হাসিনার সর্বশেষ বক্তব্যে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা আবারও সামনে এসেছে। তবে তাঁর ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ