নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬
যশোরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের দুই মৃত নেতাকেও আসামি করা হয়েছে। তাদের একজন ১২ বছর আগে এবং অন্যজন চার বছর আগে মারা গেছেন।
রোববার (৩০ আগস্ট) যশোর কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম।
মামলার ৫৬ নম্বর আসামি হিসেবে উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. তবিবর রহমানের নাম রয়েছে। তিনি ২০২২ সালের ১৬ এপ্রিল মারা যান। আর ৭৭ নম্বর আসামি চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী মারা যান ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর।
চাঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম জানান, আনসার আলী প্রায় এক যুগ আগে মারা গেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ আগস্ট সকালে যশোর শহরের কাজীপাড়া-কাঁঠালতলা এলাকায় সরকারবিরোধী ও নাশকতামূলক বিক্ষোভ মিছিল বের করেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, বিদ্যুৎ সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে ওই মিছিলের আয়োজন করা হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘জাতীয় শোক দিবস’ লেখা একটি ব্যানার ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ব্যানারটি উদ্ধার করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, এজাহারে আসামির বাবার নাম উল্লেখ না থাকায় একই নামে অন্য কেউ থাকতে পারেন। তবে মৃত ব্যক্তির নাম এজাহারে অন্তর্ভুক্ত হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ