নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের বিগত চারটি নির্বাচন ভুয়া ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি অভিযোগ করেছেন, মৃত ব্যক্তিদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল। এমনকি যারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেননি, তাদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। জনগণকে একটি অবাধ ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ড. মঈন খান আরও বলেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা হবে।
বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বিএনপি রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ