নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উৎসবকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ, অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় র্যাবের সদস্য মোতায়েন করা হয়েছে।
র্যাব জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় প্রতিটি ব্যাটালিয়ন এলাকাভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা করেছে। আগাম তথ্য সংগ্রহ ও সম্ভাব্য হুমকি শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
জন্মাষ্টমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সামনে, পেছনে ও দুই পাশে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা, পুরোহিত ও বিদেশি নাগরিকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে—এমন গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য ও ছবি শনাক্তে সাইবার নজরদারি জোরদার করা হয়েছে।
শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদযাপনের জন্য সবাইকে আহ্বান জানিয়েছে র্যাব। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম চোখে পড়লে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ