নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার সময় ও পথ পরিষ্কারভাবে জানানোর আহ্বান জানিয়েছেন সংসদের হুইপ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দুলু বলেন, ‘কোন ডিসেম্বর বাংলাদেশে আসবেন, তা পরিষ্কার করুন। এরকম ডিসেম্বর আমাদের জীবনে বহু গেছে। বহু রোজা, ঈদ, পূজা ও বর্ষাকালও গেছে। ২০৩০ সালের ডিসেম্বর, নাকি ২০৫০ সালের ডিসেম্বর—তা পরিষ্কার করুন।’
শেখ হাসিনা কোন সীমান্ত দিয়ে দেশে ফিরবেন, সে ঘোষণাও দেওয়ার আহ্বান জানান তিনি।
দুলু আরও বলেন, জুলাই আন্দোলনে নিহতদের স্বজন, জুলাইযোদ্ধা এবং গত ১৭ বছরে গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তার ভাষ্য, গত ১৭ বছরের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের বিচারের মুখোমুখি হতে হবে।
আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে দুলু বলেন, নামাজের সময় মিছিল করা হয়েছে এবং এ নিয়ে তিনি আওয়ামী লীগের সমালোচনা করেন।
এ সময় বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় এসেছে এবং দেশের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ