নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ প্রার্থী হলেও সমস্যা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগ থাকছে না এবং কোনো দলীয় প্রতীকও থাকবে না। তাই কোনো দলের পরিচয়ে নয়, বৈধ প্রার্থী হিসেবে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় নির্বাচন নয়। এখানে দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই এবং দলীয় প্রতীকও থাকছে না। ফলে আওয়ামী লীগের কেউ প্রার্থী হলেও এতে সমস্যা দেখছেন না তিনি।
এর আগে স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে দেশটি জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহের কথাও জানিয়েছে।
অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ভবিষ্যতে দুই দেশের মধ্যে কীভাবে আরও একসঙ্গে কাজ করা যায়, বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় সরকার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব। পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনা যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ