নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেছেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার এবং পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের করার চেষ্টা করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এ তথ্য জানান।
পুলিশের ভাষ্য, মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে বলেও ভিডিওতে দেখা যায়।
গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ