ব্রেকিং নিউজ

জামায়াতের কারণে আ.লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ করেই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার দাবি, জামায়াতের কারণেই আওয়ামী লীগ আবার আন্দোলনে নামার সাহস পাচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ ও সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, গুলশানে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ করে তারা এ মিছিল করেছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া দরকার। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জামায়াতের নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। তবে দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।

এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন রাশেদ খান। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *