নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ‘চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা বিতরণ’ করার ঘোষণা দিয়ে পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। পোস্টারে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকনের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয়। পোস্টারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গাঁজা-ইয়াবা বিতরণসহ নানা ব্যঙ্গাত্মক বক্তব্য লেখা হয়।
পোস্টারে আরও লেখা হয়েছে, বেকারদের জন্য ‘গাঁজা ভাতা’, মাদকসেবীদের জন্য ‘বিশেষ কার্ড’, স্কুল-কলেজের সামনে ফ্রি সরবরাহ এবং ‘থানা-পুলিশ আমার ভাই’—এমন বিভিন্ন স্লোগান। ‘উন্নয়ন হবে, আগে চাঁদা হবে’—এমন বক্তব্যও পোস্টারে রয়েছে।
এদিকে পোস্টারে নিজের নাম ও ছবি ব্যবহারের বিষয়ে মো. খোকন দাবি করেছেন, এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তার অভিযোগ, পাঁচ দিন আগে ইউনিয়ন জামায়াতের আমির হাসেমের ছেলে তার ছেলেকে চড় মারেন। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করার পর থেকেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
খোকন বলেন, এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিয়েছেন। পোস্টার লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন এবং জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনাটির সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ