নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যেকোনো সময় দেশে ফিরতেও পারেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, দেশে ফেরার পর সরকার কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের বিষয়।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে, আবার যেকোনো সময় দেশে ঢুকতেও পারে। এটা সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।’
আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করে। বক্তব্য প্রত্যাহার না করলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির নেতা-কর্মীরা।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে, মিছিল-মিটিং হবে এবং কাউকে অবাঞ্ছিত ঘোষণা করার ঘটনাও ঘটতে পারে। এসবকে তিনি রাজনীতির স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করেন।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ