নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
রোববার (২১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে এ মন্তব্য করেন তিনি।
মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্রে যেতে একদিন এবং ফিরতে একদিন সময় লাগবে। মাঝের চার দিনে এক মুহূর্তও নষ্ট না করে একের পর এক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কূটনৈতিক কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে সফরটি ছয় দিনের।
তিনি জানান, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সফরসঙ্গী ৩৫ জন। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী রয়েছেন ১৫ জন। এ ছাড়া নিরাপত্তা, গণমাধ্যম ও ব্যক্তিগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
মাহদী আমিনের মতে, এই সফর শুধু একটি বিদেশ সফর নয়; এটি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার আন্তর্জাতিক বহিঃপ্রকাশ এবং দেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর তাদের সন্তান এবং জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের মানুষের কথা তুলে ধরবেন।
মাহদী আমিন বলেন, একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে তারেক রহমান জাতিসংঘে বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।
তিনি আরও বলেন, এই সফরের একটি বিশেষ দিক হলো প্রধানমন্ত্রী যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, তখন একই অধিবেশনের সভাপতির আসনে থাকবেন তাঁর সরকারের পররাষ্ট্রমন্ত্রী।
দীর্ঘদিনের আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, বিপুল ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কণ্ঠ বিশ্বদরবারে তুলে ধরছেন।
তিনি মনে করেন, জাতিসংঘের এই সফরের মাধ্যমে বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ