ব্রেকিং নিউজ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই আসেন: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, সাহস থাকলে এখনই দেশে আসতে পারেন শেখ হাসিনা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। শহরের কালিবাড়ী মোড়সংলগ্ন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি রাজপথে নেতৃত্ব দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ থেকে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাসে আগুন দিয়ে কিংবা কোনো চক্রের মাধ্যমে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা যাবে না। দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা মোকাবিলা করা হবে বলেও তিনি জানান।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। তিনি এখনই দেশে এসে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।

এর আগে দুপুরে কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বক্তব্য দেন। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *