নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।’
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের কালিবাড়ী মোড় সংলগ্ন চত্বরে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
সম্প্রতি দুটি বাসে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে ইয়াসের খান চৌধুরী বলেন, বাস পুড়িয়ে বা কোনো চক্রের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে না। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় তারা প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
বিচারের প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচার করা হবে। তিনি বলেন, বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান না; এখনই আইনের আওতায় আসার আহ্বান জানান।
এর আগে শহরের রথখলা এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বক্তব্য দেন। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ