ব্রেকিং নিউজ

কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ জনের মরদেহ উদ্ধার, চলছে উদ্ধারকাজ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

শনিবার সকাল ৭টা ২৩ মিনিটের দিকে ইনানীর ‘টুপ টুপ’ নামের রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ এখনো চলছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উপজেলা প্রশাসন স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে, ঘটনার আগের রাতে রিসোর্টটিতে প্রায় ২০ জন অবস্থান করছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজন চেকআউট করে চলে যাওয়ায় ঘটনার সময় সেখানে প্রায় ১৮ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃতপক্ষে কতজন সেখানে ছিলেন এবং তাঁদের পরিচয় কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রিসোর্টটি কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *