ব্রেকিং নিউজ

জেলা ছাত্রদলের নির্দেশনায় ডেঙ্গু সচেতনতায় মাঠে নামলেন ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগী ও পথচারীদের মাঝে পানি, স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার সকালে জেলা ছাত্রদলের নির্দেশনায় এ কর্মসূচি পালন করেন বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ও বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ। এ সময় ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদের হাতে পানি ও স্যালাইন তুলে দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে মনিরুল হাসান আব্দুল্লাহ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব।

তিনি আরও বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজের পরিবারকে সুরক্ষিত রাখার পাশাপাশি প্রতিবেশী ও আশপাশের মানুষকেও সচেতন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।

তিনি সবাইকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম অলি, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ওসমান গনি, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ পাপন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় কুমার রামু, মানিকপুর ইউনিয়ন ছাত্রদলের সাইদুর রহমান শুভ, ফারাবী আহমেদ মুবিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *