নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের চরসহ বিভিন্ন স্থানে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে চরাঞ্চল, নদীতীরবর্তী বসতভিটা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের দাবি, নির্বাচনের আগে নবীনগরের কোথাও অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না বলে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হওয়ার পর বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে যেভাবে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ দেখা গেছে, ধরাভাঙ্গার চরসহ অন্যান্য এলাকাতেও একইভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর আশঙ্কা, অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে চরাঞ্চলের পরিবেশ, নদীতীরবর্তী বসতভিটা ও জনজীবনে বিরূপ প্রভাব পড়তে পারে। পাশাপাশি অস্ত্রের ভয় দেখিয়ে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে।
এ অবস্থায় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের কাছে এলাকাবাসীর দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ধরাভাঙ্গার চর ও স্থানীয়দের বসতভিটা রক্ষার পাশাপাশি এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সচেতন মহলের প্রত্যাশা, জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি তদন্ত করবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ