ব্রেকিং নিউজ
পঞ্চগড়ের বাংলাদেশ সীমান্তে স্থানীয়দের হাতে আটক দীপঙ্কর গোপ।

বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার পর এক ভারতীয় যুবককে আটক করে বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা। পরে ওই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তে এ ঘটনা ঘটে। আটক ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত বুধবার সকালে বিরাজোত সীমান্ত এলাকায় হারিয়ে যাওয়া গরু খুঁজতে যান ৭৮ বছর বয়সী বাংলাদেশি কৃষক তমিজ উদ্দিন। পরে সীমান্ত এলাকা থেকে বিএসএফের চাউলহাটি ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ ঘটনার পর শনিবার সকালে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আখের জমিতে এক ভারতীয় যুবককে দেখতে পান স্থানীয়রা। পরে তারা তাকে আটক করে নিয়ে আসেন। আটক যুবক দীপঙ্কর গোপ বাংলাদেশের সীমান্তের মেইন পিলার ৭৪২-এর ১২ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকায় প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।

ঘটনার পর বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ হয়। বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বৈঠকে তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। একজন বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার পর পাল্টা হিসেবে ভারতীয় নাগরিককে আটক করার ঘটনায় সীমান্ত পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।

এদিকে আটক ভারতীয় নাগরিককে কীভাবে ফেরত দেওয়া হবে এবং বাংলাদেশি বৃদ্ধ তমিজ উদ্দিনের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলছে।

সীমান্তে এমন ঘটনা যাতে বড় ধরনের উত্তেজনায় রূপ না নেয়, সে জন্য উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় ও আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *