ব্রেকিং নিউজ
বরগুনার বেতাগীতে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় কথা বলছেন চিফ হুইপ। ছবি: সংগৃহীত

পূজামণ্ডপের দিকে বাঁকা চোখে তাকালে সেই চোখ আর সোজা থাকবে না: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক, বরগুনা
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, পূজামণ্ডপের দিকে কেউ বাঁকা চোখে তাকালে সেই চোখ আর সোজা করা যাবে না। তিনি বলেন, বাংলাদেশে সবাই নাগরিক এবং সবার অধিকার সমান।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলায় উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, গত দুই বছরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক। তাই ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়েও কথা বলেন নুরুল ইসলাম মনি। ফেসবুকের ক্ষতিকর কনটেন্ট শিশুদের ওপর বিরূপ প্রভাব ফেলছে উল্লেখ করে অভিভাবকদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ বিল প্রসঙ্গে চিফ হুইপ বলেন, আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নির্মিত বিদ্যুৎকেন্দ্র নিয়ে সমালোচনা করে তিনি দাবি করেন, এসব কেন্দ্র স্থাপনে অনিয়ম হয়েছে। এ কারণে বিদ্যুতের বিল কমানোর সুযোগ সীমিত বলেও মন্তব্য করেন তিনি।

সভা শেষে বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন চিফ হুইপ। এ ছাড়া উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *