নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬
বিরোধী দলের সঙ্গে সরকার যে আচরণ করছে, আওয়ামী লীগও এমন আচরণ করেনি বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি অভিযোগ করেন, বিরোধীদলীয় সংসদ সদস্যদের উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলের ওয়াকআউটের পর আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। কিন্তু বর্তমানে বিএনপি বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। বিরোধী দলের সঙ্গে সরকারের আচরণ আওয়ামী লীগ সরকারের আমলেও দেখা যায়নি বলে তিনি দাবি করেন।
দেশের বিভিন্ন সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, দেশে সারের সংকট রয়েছে, বিদ্যুৎ নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। এসব জনদুর্ভোগ নিয়ে সংসদে আলোচনা হবে বলে বিরোধী দল আশা করেছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তাহের বলেন, শাহবাগের ফল হিসেবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন—এ বিষয়টি তার মনে রাখা উচিত।
গণভোটের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় উপনেতা বলেন, গণভোটের পক্ষে সবাই ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও গণভোটের পক্ষে ছিলেন। কিন্তু বিএনপি এখন জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলে অভিযোগ করেন তিনি।
তাহের আরও বলেন, দুর্বল ও মেরুদণ্ডহীন অন্তর্বর্তী সরকার বিএনপির চাপে গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে করেছে। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনা তৈরি হয়। বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। এ নিয়ে বিরোধী দলের আপত্তি, হইচই ও হট্টগোলে কিছু সময় সংসদের কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর বিরোধী দলের আপত্তির মুখে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করার কথা জানান। তবে এরপরও তাৎক্ষণিকভাবে সংসদের পরিস্থিতি শান্ত হয়নি।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ