ব্রেকিং নিউজ

আওয়ামী লীগের সময়ের দুর্নীতি নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ সরকারের আমলের ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনায় বিচার বা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচার ও কমিশন গ্রহণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন আসিফ মাহমুদ। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে আলোচিত দুর্নীতি ও অর্থ লুটের ঘটনায় বর্তমান প্রশাসন বা সংশ্লিষ্টদের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকার বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলের দুর্নীতির সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের বিরুদ্ধে নামমাত্র মামলা বা কার্যকর ব্যবস্থা না নিয়ে নতুন রাজনৈতিক শক্তির বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন অভিযোগ সাজানো হচ্ছে।

দুদকের বর্তমান কার্যক্রমেরও সমালোচনা করেন এনসিপির এই মুখপাত্র। তিনি বলেন, দুদকের কাঙ্ক্ষিত সংস্কার করা হয়নি। একই সঙ্গে দুদক-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের কারণে প্রতিষ্ঠানটি অতীতের মতো আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করে আসিফ মাহমুদ বলেন, এ ধরনের তৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে তারা আইনগতভাবে লড়াই করতে সম্পূর্ণ প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *