ব্রেকিং নিউজ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা, পরে আ.লীগ নেতার বাড়িতে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিনে এসে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির ৫-৬ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। পরে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ভাঙচুর এবং তার পাটের গোডাউনে আগুন দিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে এ হামলা ও ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বিএনপি সমর্থকদের ভাষ্য, সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এ সময় রুহুলের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে হামলা চালান। তারা কার্যালয় ভাঙচুরের পাশাপাশি বিএনপির কয়েকজন সমর্থককে মারধর করেন। এতে ৫-৬ জন আহত হন বলে তারা দাবি করেন।

তাদের আরও অভিযোগ, কয়েক দিন আগে আওয়ামী লীগের সমর্থকেরা মিছিল করায় ইবি থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা রুহুলসহ কয়েকজন আসামি হন। মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান।

হামলার পর বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে ভাঙচুর করেন। এ সময় তার পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও জানা গেছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ উপস্থিত রয়েছে। তিনিও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *