নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাবে—এমন আশঙ্কায় বিএনপির কর্মীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, তারেক রহমানের সরকারকে বিএনপির সরকার বলা যায় না, এটি ‘হাসিনার সরকার’।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন অলি আহমেদ।
তিনি বলেন, বিএনপির প্রতিটি কর্মীর ঘরে ঘরে আজ কান্নার রোল শুরু হয়ে গেছে। একসময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন অত্যন্ত শক্তিশালী নেতা ক্রুশ্চেভ। তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলে তার মা কান্নাকাটি শুরু করেছিলেন। কেন কাঁদছেন জানতে চাইলে তিনি বলেছিলেন, ক্ষমতা চলে গেলে তাদের বড় বাড়ি, গাড়ি ও ভালো খাবারের কী হবে।
অলি আহমেদ বলেন, ক্ষমতা চলে যাওয়ার আশঙ্কায় বিএনপিরও একই অবস্থা হয়েছে। তার দাবি, ক্ষমতা থেকে সরে গেলে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাবে। তিনি তারেক রহমান ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
লংমার্চ প্রসঙ্গে এলডিপির সভাপতি বলেন, দেশকে সঠিক পথে আনার জন্যই তারা এই কর্মসূচি করছেন, কোনো ক্ষমতা বা ব্যক্তিগত লাভের জন্য নয়। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনীয় কর্মসূচি ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে হবে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ