নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা হলেন বদলগাছী থানার এসআই অসিত কুমার। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহসভাপতি রাকিবুল হাসানকে গ্রেপ্তার করতে গিয়ে প্রথম দফায় তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাকিবুল হাসানের বিরুদ্ধে আদালতে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, ওই সময় অবহেলার কারণে রাকিবুল পালিয়ে যাওয়ার সুযোগ পান। বিষয়টি জানার পর ওই রাতেই এসআই অসিত কুমারকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।
পরে একই দিনের ভোররাতে রাকিবুলের বাড়িতে আবারও অভিযান চালানো হয়। ওই অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
তবে এসআই অসিত কুমার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, প্রথমবার গ্রেপ্তারের চেষ্টা চালানোর সময় রাকিবুল বিষয়টি টের পেয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার যে অভিযোগ ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তিনি।
এসআই অসিত কুমার আরও বলেন, দ্বিতীয় দফার অভিযানে তিনিই রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছেন। ছাত্রলীগের পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না বলেও তিনি দাবি করেন।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ